সর্বশেষ সংবাদ :

সপ্তাহের ব্যবধানে আবারও গুলিবিদ্ধ লাশ : ঈশ্বরদীর যুবকের গুলিবিদ্ধ লাশ পদ্মানদী থেকে উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি: এক সপ্তাহের ব্যবধানে পদ্মা নদী থেকে আরও এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সাহাবুল প্রামানিক (৪২)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনূস প্রামানিক। মঙ্গলবার ১৬ জুন সকালে পদ্মা নদীর ঈশ্বরদী উপজেলার সীমাবর্তী রাইটার চর এলাকায় একটি নৌকার ভেতর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র ও নৌ পুলিশ জানায়, সাহাবুল প্রামানিকের শরীরে গুলির চিহ্ন পাওয়া রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পদ্মা নদীর বালু মহল দখল ও নিয়ন্ত্রনকে কেন্দ্র করে প্রায়ই পদ্মা নদীর বিভিন্ন স্থানে গোলাগোলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। নৌ পুলিশ সতর্ক অবস্থান ও টহল জোরদার করলেও অপরাধীরা কৌশলে এসব অপকর্ম করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ৯ জুন পদ্মা নদীর চর জাজিরা মৌজায় একটি স্পিডবোটের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় আজিজুল হক ঝড়ু (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ঈশ্বরদীর পার্শ্ববর্তী দৌলতপুর ও লালপুর উপজেলার চর এলাকায় বালু মহলকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই সংঘর্ষে আজিজুল হক ঝড়ু নিহত হয়।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (১৬) জুন আবারও গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল প্রামানিক নামের অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মূলত পদ্মা নদীর বালু মহল দখল ও নিয়ন্ত্রনকে কেন্দ্র করে প্রায়ই পদ্মা নদীর বিভিন্ন এলাকায় গোলাগোলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।


প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ৩:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ