সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার

নগরীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের প্রায় ১২ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৩ জন ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

 

চেক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক। উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সানজিদা সুলতানা, রাজশাহী থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকের সম্পাদকসহ চেকগ্রহণকারি ৩৩ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।

এসময় জেলা প্রশাসক আবদুল জলিল ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের কাছে জানতে চান, এই চেক পেতে কোন হয়রানি হতে হয়েছে কি না। উপস্থিত চেক গ্রহীতরা জানান, কোন হয়রানি ছাড়াই তারা ক্ষতিপূরণের চেক পেয়েছেন। এ জন্য কাউকে কোন টাকা দিতে হয়নি। এছাড়াও কোন হয়রানি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে চেক পেয়েছেন বলেন জানান তারা। উপস্থিত সকলেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠান নির্মাণ, বাফার গুদাম নির্মাণ ও মহানগরীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণের ৩৩ জন ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

সানশাইন / শাহ্জাদা মিলন


প্রকাশিত: August 11, 2022 | সময়: 10:55 pm | Daily Sunshine