শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ মিশনে যোগ হয়েছে নতুন আত্মবিশ্বাস। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের দৃঢ় বিশ্বাস, তার দেশ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দিতে পারে এবং লিওনেল মেসির দলকে তাদের ইতিহাসের প্রথম নকআউট পর্ব থেকেই বিদায় করে দিতে সক্ষম।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে মানতে রাজি হননি। তিনি সাফ জানিয়েছেন, তার দল কেবল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তিনি বলেন, ‘আমি মনে করি কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জয়ের জন্যই খেলছি।
যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে কিন্তু জেতার ইচ্ছা থাকে প্রবল, তখন যেকোনো কিছুই সম্ভব।’ এই রাষ্ট্রপ্রধান আরও জোর দিয়ে বলেন যে, সব ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করা তাদের দেশের মজ্জাগত স্বভাব। তিনি বলেন, ‘কেপ ভার্দের মতো ছোট একটি দেশের উচিত সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা। আর্জেন্টিনার বিরুদ্ধে আমাদের জেতার ১০০ শতাংশ সুযোগ আছে।’
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই কেপ ভার্দে টুর্নামেন্টের অন্যতম বড় বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে অপরাজিত থেকে তারা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে স্পেনের কাছে উরুগুয়ের হারও তাদের এই যাত্রায় বড় ভূমিকা রেখেছে।
এখন এই আফ্রিকান দলটির সামনে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা, যারা গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতে উড়ন্ত ফর্মে রয়েছে। অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানকে হারানো আলবিসেলেস্তেদের করা টুর্নামেন্টের আটটি গোলের মধ্যে ছয়টিই করেছেন জাদুকর লিওনেল মেসি।
দুই দলের শক্তির পার্থক্য যোজন যোজন হলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াকে দেশের জন্য একটি স্বপ্ন পূরণ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট নেভেস। তিনি বলেন, ‘আমরা আমাদের নিজেদের ভাগ্য লিখতে এই বিশ্বকাপে এসেছি, আর তা ছিল বিশ্বসেরাদের মুখোমুখি হওয়া। আমরা একই সংকল্প এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলব। আমাদের লক্ষ্য একটাই, পরবর্তী রাউন্ডে যাওয়া।’