সর্বশেষ সংবাদ :

পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা, ভোট দিতে প্রস্তুত জনগণ: আবুল কালাম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ‘দাঁড়িপাল্লা জনগণের প্রতীক। তাই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। জনগণ আর ভুল করবে না, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। ভোটে জয়যুক্ত হলে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর চাওয়া-পাওয়াকে মাথায় নিয়ে দেশ পরিচালনা করবো। আমরা শাসক নই, বরং জনগণের সেবক হতে চাই।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন জামায়াত শাখার উদ্যোগে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন, যা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। স্বৈরাচারী সরকারের দীর্ঘ ১৭ বছরের নির্মম নির্যাতন-নিপীড়নের মধ্যেও জামায়াত জনগণের পাশে থেকেছে এবং তাদের কল্যাণে কাজ করেছে। ত্যাগ ও আদর্শের মাধ্যমে দলটি জনগণের আস্থা অর্জন করেছে।’
অধ্যাপক আজাদ আরও উল্লেখ করেন, ‘চব্বিশের ৩৬ জুলাইয়ের পর দেশের উন্নয়ন ও গণমানুষের স্বার্থে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা জনগণের সহযোগিতা কামনা করি।’
টানা ২৮ বছর ধরে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ নেতা আরও বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের জনগণ ন্যায়বিচার ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনে জনগণকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়ঘাটি ইউনিয়নের আমীর মাওলানা মো. আমজাদ হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়ঘাটি ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মো. হোসেন আলীর সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মো. আবুল কালাম আজাদ, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল গোফুর মৃধা, সহকারী সেক্রেটারী মাষ্টার আব্দুল আজিজ ও মো. শাহ্ জামাল প্রমুখ। নির্বাচনী সমাবেশের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে কেশরহাট পৌরসভার কামারপাড়া মোড় ও শিয়াল খোলাবাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশিত: November 14, 2025 | সময়: 6:50 am | সুমন শেখ