রেলওয়ের দোকান ঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেল স্টেশন এলাকার রেলওয়ের দোকানঘরের ভাড়া পাঁচ গুণের বেশি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। মঙ্গলবার ৩০ জুন বেলা ১১ টার দিকে বণিক সমিতির ব্যানারে তিলকপুর রেলওয়ে স্টেশনের প্লাট ফর্মে দেড় শতাধিক দোকান মালিক ও ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন। রেলওয়ের বিভিন্ন দপ্তরে ভাড়া কমানোর জন্য লিখিত আবেদন করার পরেও সমাধান না পাওয়ায় মানববন্ধন থেকে রেলওয়েকে ভাড়া না দেওয়া এবং বৃহত্তর কর্মসূচির হুসিয়ারী দিয়েছেন তারা।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের দোকানঘরের ভাড়া প্রতি বর্গফুট ১৫ টাকা নির্ধারিত ছিল। কিন্তু ২০২৫ সালের ৮ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের ভূমি শাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেলওয়ে স্টেশন এলাকার খোলা দোকান ঘর ভাড়া প্রতি বর্গফুট ৮০ টাকা নির্ধারণ করা হয়। ফলে এক লাফে প্রতি বর্গফুটে ৬৫ টাকা বেড়ে যায়। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে ছোট ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন বলে দাবি করেন তারা।
এর প্রেক্ষিতে ভাড়া কমানোর জন্য রেলওয়ের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করার পরেও ভাড়া কমানো হয়নি। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করছেন তাঁরা। এ বিষয়ে তাঁরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে ভাড়া কমানো না হলে, দোকান ভাড়া না দেওয়াসহ বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন তারা।
তিলকপুর বাজারের বণিক সমিতির সভাপতি আবুল খায়ের সাখাওয়াত হোসেন বলেন, জেলা কিংবা উপজেলা পর্যায়ের অনেক স্টেশনেও এতো বেশি ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ আমাদের ইউনিয়ন পর্যায়ের তিলকপুর স্টেশনে একবারেই প্রতি বর্গফুটে ৬৫ টাকা বাড়ানো হয়েছে। আমরা একাধিকবার রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি। ভাড়া পুননির্ধারণ না হলে আমরা ভাড়া পরিশোধ করব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ব্যবসায়ী ময়নুল ইসলাম বলেন, আমরা দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করি। রেলওয়ে ভাড়া বাড়ালে দোকান মালিকরাও আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবেন। এতে ব্যবসা পরিচালনা ও সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
সমাবেশে বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায় মন্দা এবং ক্রেতা সংকটের মধ্যে অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। তাই বাস্তবতা বিবেচনায় ভাড়া পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তিলকপুর বণিক সমিতির সভাপতি আবুল খায়ের সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রুস্তম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির সদস্য আজাহার আলী দুলু, সমিতির সদস্য ও বিএনপি নেতা মামুনুর রশিদ, জামায়াত নেতা ও সমিতির সদস্য নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকপুর রেলস্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় প্রায় ৩০০টি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানঘর রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকশ পরিবারের জীবিকা।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের আইন ও ভূমি অনুবিভাগের যুগ্ম সচিব শহিদুল ইসলাম ভূঞা বলেন, ব্যবসায়ীদের দাবি কর্তৃপক্ষের নজরে এসেছে। দোকানঘরের ভাড়া হ্রাসের বিষয়টি বর্তমানে কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে।


প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ৪:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর