সর্বশেষ সংবাদ :

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ফল ও আম মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত)’-এর অর্থায়নে শুরু হয়েছে “ফল ও আম মেলা-২০২৬”। বৃহস্পতিবার সকালে নগরীর রেলগেট খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীর আম দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে।”তিনি আরও বলেন, বিভিন্ন দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, আমচাষি, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এবারের মেলায় বিভিন্ন জাতের আম ও মৌসুমি ফলের মনোজ্ঞ প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ