সর্বশেষ সংবাদ :

বাঘায় পার্টনার কংগ্রেসে কৃষি ও নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বারোপ

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা , নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং কৃষিকে বাণিজ্যিক ভাবে লাভজনক খাতে রূপান্তর ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করণে লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি বিভাগের হলরুমে বাংলাদেশকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর সিনিয়র কর্মকর্তা আব্দুল লতিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত সুবিধাভোগী কৃষক, কৃষাণী এবং স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকেন্দ্রিক কৃষি উৎপাদন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। পার্টনার প্রকল্প এসব লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কংগ্রেসে জানানো হয়, বাঘা উপজেলার ৩৮টি এলাকায় প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে কৃষকদের নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষিপণ্য বিপণনে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকদের মতামতের ভিত্তিতে প্রকল্পের বিভিন্ন সফলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। কৃষকদের অভিজ্ঞতা ও পরামর্শের আলোকে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।

বক্তারা আরও বলেন, পার্টনার প্রকল্পে নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী কৃষক ও উদ্যোক্তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিত করার পাশা-পাশি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও বেশি আগ্রহী হতে হবে। তাহলেই কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন সম্ভব হবে। তিনি কংগ্রেস -এ অংশগ্রহণকারীদের মধ্যে কৃষি উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ তুলে ধরেন।

সানশাইন /শামি


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৭:৫৭ অপরাহ্ণ | Daily Sunshine