সর্বশেষ সংবাদ :

দুর্গোৎসবে বন্ধ থাকছে আট দিন সোনামসজিদ স্থলবন্দর

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেন স্থলবন্দর সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীরা সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দুই দেশে যাতায়াত করতে পারবেন।
বন্দর সূত্রে জানা যায়, এ সময়ে ভারতের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর থেকে আমদানি পণ্যবাহী কোনো গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে সোনামসজিদ বন্দর থেকেও কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি ভারতে প্রবেশ করবে না। তবে দুই দেশের খালি গাড়ি নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে।বন্ধ শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠিতে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ২৪ অক্টোবর থেকে বন্দর পুনরায় সচল হবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে বন্ধের সময় বন্দরে সীমিত পরিসরে পণ্য লোড-আনলোড, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে।
এদিকে সোনা মসজিদ ইমিগ্রেশন অফিসার এস আই জামিরুল ইসলাম জানান, পূজা উপলক্ষে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন পারাপার স্বাভাবিক থাকবে। ফলে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রীরা চলাচল করতে পারবে।


প্রকাশিত: October 16, 2026 | সময়: 3:36 am | সুমন শেখ