সর্বশেষ সংবাদ :

বাঘার উন্নয়ন ও জনসমস্যা নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

নুরুজ্জামান, বাঘা :
রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা বাঘার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সমাধানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩ টায় বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত তথ্য শোনেন। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা হিসেবে বাঘায় মাদকের আমদানি, বিস্তার ও সেবনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ ছাড়া আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

 

জেলা প্রশাসক বলেন, সীমান্তবর্তী এলাকার সমস্যা সমাধানে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে,তবে সামনের দিনগুলোতে আরো ভালো করতে হবে । মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা সহ সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ঘোষণা দেন তিনি।

 

জেলা প্রশাসক এলাকার নানা সমস্যার কথা শুনে বলেন , অত্র উপজেলার রাস্তাঘাট, পানি নিষ্কাশন, এবং বিদ্যুতের লোডশেডিং সহ স্থানীয় সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন , প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য তিনি প্রশাসনের সকল কর্মকর্তাকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ।

সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরমধ্যে অনেকেই বক্তব্য রেখেছেন।

বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের এই উদ্যোগ উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং স্থানীয় সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: জুন ১৬, ২০২৬ | সময়: ৯:২৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর