সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আম বেচাকেনায় ঢলন প্রথা বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলের আম ব্যবসায় দীর্ঘদিনের প্রচলিত ‘ঢলন’ প্রথা বন্ধ করে এখন থেকে কেজি দরে আম কেনাবেচার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, আমচাষিরা যেন ন্যায্য মূল্য পান, সেটি নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য।
সভায় জানানো হয়, এতদিন ৪০ কেজির দাম দেওয়া হলেও অনেক ক্ষেত্রে আড়তদাররা ৪৪ থেকে ৫৪ কেজি পর্যন্ত আম নিতেন। এতে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেজি হিসেবে আম কেনাবেচা হবে এবং আড়তদারদের জন্য প্রতি কেজিতে তিন টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে।
সভা পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন- রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক রাজশাহী কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক নওগাঁ মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ আবু ছালেহ মো. মুসা জঙ্গী, কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান, ফল গবেষণা কেন্দ্র রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজিএম মাহমুদুল আলম স্বজল। সভায় রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে আমচাষিদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


প্রকাশিত: জুন ১০, ২০২৬ | সময়: ৪:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ