বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল উন্মাদনায় কাঁপছে পুরো ব্রাজিল। আসন্ন এই মেগা টুর্নামেন্টের জন্য সেলেসাওদের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
তবে ফুটবল ভক্তদের সমস্ত কৌতূহল আর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ব্রাজিলের আইকনিক ‘১০’ নম্বর জার্সি। দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেইমারের অনুপস্থিতির কারণে এই জার্সিটি এতদিন ভিনিসিয়ুস জুনিয়রের দখলে ছিল। তবে নেইমার দলে ফিরলে সেটি আবার ফিরিয়ে দেওয়ার কথা ছিল ভিনির। শেষ পর্যন্ত নিজের কথা রাখলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
দলের সবচেয়ে বিখ্যাত এই জার্সিটি তিনি নেইমারের জন্য ছেড়ে দিয়েছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরের এমনটাই জানানো হয়েছে। ফলে আগামী বিশ্বকাপে নেইমার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন, আর ভিনিসিয়ুস জুনিয়র খেলবেন ‘৭’ নম্বর জার্সি পরে। এই ৭ নম্বর জার্সিটি ভিনিসিয়ুস তার ক্লাব রিয়াল মাদ্রিদেও পরে থাকেন এবং এর আগেও ব্রাজিলের হয়ে এই নম্বরে খেলেছেন তিনি।
চোটের কারণে মাঠের বাইরে থাকা সান্তোস তারকা নেইমারের জন্য বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দল অপেক্ষা করবে, তা আগেই নিশ্চিত করেছিলেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকা নেইমারের মোট গোল সংখ্যা ৮টি। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২২ এই তিনটি বিশ্বকাপে খেলেছেন।
আন্তর্জাতিক কোচ হিসেবে এটিই আনচেলত্তির প্রথম বড় টুর্নামেন্ট। বিশ্বকাপ মিশন শুরুর আগে তার দল পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। জার্সি নম্বরের এই তালিকায় বড় চমক হয়ে এসেছে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর হাই-প্রোফাইল প্রত্যাবর্তন। জাতীয় দলে ফিরে তিনি তার দীর্ঘদিনের পরিচিত ‘৫’ নম্বর জার্সিটিই পাচ্ছেন। মাঠে ও মাঠের বাইরে ব্রাজিল দলের অন্যতম প্রভাবশালী এই তারকা পুরো বিশ্বকাপ জুড়ে নিজের চেনা রূপেই নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া আক্রমণভাগের তরুণ সেনসেশন এনদ্রিককে দেওয়া হয়েছে ‘১৯’ নম্বর জার্সি। অন্যদিকে রাফিনিয়া খেলবেন ‘১১’ নম্বর জার্সি পরে। উল্লেখ্য, রদ্রিগোর ইনজুরির আগে এই ১১ নম্বর জার্সিটি তারই পরার কথা ছিল।