সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাবগঞ্জে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
শনিবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ ধাইনগর ইউনিয়নের বিল ধানজিয়া হইতে ভোইশগাড়া পর্যন্ত ১৪৫০ মিটার প্রায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। খাল পুনঃখনন উদ্বোধনের পর তিনি সেখানে কিছু চারা রোপন করেন।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি নতুন প্রাণ ফিরে পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সেচ সুবিধা ও মৎস্য চাষে উপকৃত হবে, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক, পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ড. সাইমুম পারভেজ এর আগমনকে কেন্দ্র করে উপজেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


প্রকাশিত: May 24, 2026 | সময়: 3:27 am | সুমন শেখ