, , ।
স্টাফ রিপোর্টার: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন। আগামী ২১মে পর্যন্ত প্রতিদিন সরকারি অফিস চলাকালীন সময়ে এই মেলা চলবে।
পবা উপজেলা ভূমি অফিসে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম, এবং নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা।
চারঘাট: চারঘাট উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও চারঘাট সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,চারঘাট মডেল থানার ওসি , পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন,সাধারন সম্পাদক নজমুল হক,যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল প্রমুখ।
ভূমি মেলায় নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী: সকাল ১০টায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
মেলা উদ্ভোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন,‘জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলা পালিত হচ্ছে। ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। এরই মধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,সমবায় কর্মকর্তা জিগার হাসরত, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আত্রাই: উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই র্যালিতে স্থানীয় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক- এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে আত্রাই উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমি সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মিজানুর রহমান, প্রধান সহকারী মো. রাঙ্গ বাবু, অফিস সহকারী মো. একরামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।
বড়াইগ্রাম: মঙ্গলবার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, ওসি আব্দুস ছালাম, বনপাড়া সাব রেজিষ্ট্রার হাবিবুর রহমান ও বড়াইগ্রামের সাব-রেজিষ্ট্রার তিথী রাণী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম ও সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গোমস্তাপুর: শোভাযাত্রাটি ওই কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রাণালয়ের সহযোগিতায় আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল¬ী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রাংসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে মিজানুর রহমান এমপি ভূমি কার্যালয় চত্বরে ভূমি সেবা স্টলগুলো পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
নওগাঁ: নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি. এম. এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নিবার্হী অফিসার শাহীন মাহমুদসহ সরকারি দপ্তরের কর্মকতা, কর্মচারী ও স্থানীয় ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় ভূমি অধিগ্রহণের ২২জন এর মাঝে চেক প্রদান করা হয়। পরে প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন।
ধনবাড়ী: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বণ্যার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
ভূমিসেবা মেলার অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলা পালিত হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় ভূমি সেবা গ্রহীতাসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
পত্নীতলা: পত্নীতলায় ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বরে এক বর্নাঢ়্য র্যালী শেষে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যাবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত এই প্রতিপাদ্য নিয়ে উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশিষ কুমার ঘোষ, সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, সমবায় অফিসার সামসুল হক, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম,পল্লী উন্নয়ন কর্মকতা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপ-সহকারী ভুমি কর্মকতা এনামুল হক, সহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সূধীজন প্রমূখ।
তানোর: উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,তানোর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদা, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজু চৌধুরী, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুসহ ভূমি অফিসের কর্মকর্তারা, গনমাধ্যম কর্মী,স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নলডাঙ্গা: নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস কার্যালয়ের মূল ফটকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ভূমি মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে প্রতিনিধি নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু সহ ভূমির মালিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সভায় বক্তারা অনলাইনে ভূমি সেবাকে আরও সহজতর ও জনবান্ধব করার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভূমি সংক্রান্ত আধুনিক সেবার বিষয়ে গুরুত্বারোপ করেন।
নিয়ামতপুর: দেশব্যাপী আয়োজিত ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে সারাদেশে একযোগে ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুরসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে মেলা শুরু হয়।
এই সময় নিয়ামতপুর উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও সভাপতিত্বে করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। মেলার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং ঝামেলাহীন সেবা নিশ্চিত করা।
মেলায় সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণ বিতরণ কার্যক্রমও মেলা প্রাঙ্গণ থেকে পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করছে। এই মেলার মাধ্যমে সেই সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন তারেক রহমান।
মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।
মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে নামজারি, জমা, খারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকে।
ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়। আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলার ভূমি অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন ও সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী শুকুরুদ্দীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।