বানেশ্বরের হাটে উঠতে শুরু করেছে গুটি আম

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: অবশেষে শুরু হল আমের মৌসুম। প্রশাসনের বেঁধে দেওয়া দিনক্ষণ মেনেই শুক্রবার থেকে রাজশাহীর বিভিন্ন বাগানে শুরু হয়েছে গুটি আম পাড়া। মৌসুমের প্রথম ধাপে বানেশ্বর বাজারে উঠতেও শুরু করেছে সেই আম। তবে চাষি ও ব্যবসায়ীদের একাংশের দাবি, এখনও বেশির ভাগ বাগানের আম পুরোপুরি পাকেনি। তাই আপাতত সীমিত আকারেই চলছে আম সংগ্রহ।
শুক্রবার সকাল থেকে পুঠিয়া উপজেলার বানেশ্বর, শাহাবাজপুর, নামাজগ্রাম, খুটিপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা যায় ব্যস্ততা। কোথাও শ্রমিকেরা গাছে উঠে আম পাড়ছেন, কোথাও আবার ব্যবসায়ীরাই সরাসরি বাগান থেকে আম তুলছেন। তবে মৌসুমের গোড়াতেই কাঁচা আম বাজারে না আসে, সে বিষয়ে সতর্ক চাষিরা। তাঁদের আশঙ্কা, অপরিপক্ব আম বাজারে এলে যেমন দাম পড়ে যেতে পারে, তেমনই ক্ষুন্ন হতে পারে রাজশাহীর আমের সুনামও।
আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘প্রশাসনের নির্দেশ মেনেই আজ থেকে গুটি আম নামানো শুরু করেছি। তবে প্রথম দিন খুব বেশি আম তুলছি না। এখনও অনেক বাগানের আম পুরোপুরি পরিপক্ব নয়। কাল বানেশ্বর হাটে কিছু আম নিয়ে যাব। তার পর ধীরে ধীরে সরবরাহ বাড়বে।’
একই সুর চারঘাট উপজেলার- শলুয়া এলাকার চাষি শাহিনের গলায়। তাঁর কথায়, ‘গুটি আম উঠতে শুরু করলেও আসল মওসুম শুরু হতে এখনও কয়েক দিন বাকি। আবহাওয়া ভাল থাকলে খুব শিগগির অন্য জাতের আমও পাকতে শুরু করবে।’
প্রতি বছরের মতো এ বারও নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছে প্রশাসন। কৃষি দফতরের বক্তব্য, অপরিপক্ব আম বাজারে আসা আটকাতেই এই উদ্যোগ। তাতে এক দিকে যেমন ক্রেতারা ভাল ও নিরাপদ আম পাবেন, তেমনই চাষিরাও পাবেন ন্যায্য দাম।
জেলা প্রশাসনের সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানিপছন্দ ও লক্ষ্মণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত বাজারে তোলা যাবে। ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাঙ্গো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি মিলবে।
এরপর ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই আশ্বিনা এবং ১৫ জুলাই গৌড়মতি আম বাজারজাত করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে।
কৃষি বিভাগের হিসেব বলছে, এবার রাজশাহী জেলায় প্রায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। সম্ভাব্য বাজারমূল্য ৭৮০ কোটিরও বেশি। ফলে আবহাওয়া সহায় থাকলে এ বারের মরসুম নিয়ে আশাবাদী চাষি থেকে ব্যবসায়ী সকলেই।


প্রকাশিত: মে ১৭, ২০২৬ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ