সর্বশেষ সংবাদ :

নাসার বাংলাদেশী বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশী বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। ৭৮ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ন’টায় তিনি আমেরিকায় ডারহাম শহরে মারা যান। ড. এম রেজাউল হক ১৯৪৮ সালে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন।
ড. এম রেজাউল হক ১৯৮০ সালে আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছিলেন। কয়েকবছর আগে তিনি নাসা থেকে অবসর নিয়ে আমেরিকাতেই বসবাস করছিলেন।
রেজাউল হকের বাবার নাম মৃত ফহিম উদ্দিন বিশ্বাস, মা মৃত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তাঁর বড় ভাই। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এখন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন। ড. এম রেজাউল হক মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমেরিকাতেই রেজাউল হকের আমেরিকার উইন্ডস্টোন সেলিম সিটিতে নর্থ ক্যারোলিনা স্টেট মুসলিম কবরস্থানে বাদ জুমা দাফন সম্পন্ন হবে। সেখানে আত্মীয়-স্বজনেরা রেজাউল হকের বাসায় আছেন। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: May 16, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ

আরও খবর