সর্বশেষ সংবাদ :

এমপি চাঁদকে জড়িয়ে কাজে ভাগ চাওয়ার অভিযোগ সঠিক নয় : ঠিকাদারের প্রতিনিধি

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে স্লিপার বসানোর ৩ কোটি টাকার প্রকল্পে এমপি চাঁদকে জড়িয়ে কাজে ভাগ চাওয়ার ঘটনা সঠিক নয় । এমনটি দাবি করেছেন ঠিকাদারের প্রতিনিধি(ম্যানেজার) আব্দুল্লাহ আল হাসান ডাবলু । রবিবার বিকেলে আড়ানী রেলওয়ে স্টেশনের পাশে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন । এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল হাসান ডাবলু বলেন, “চারঘাট-বাঘার সংসদ সদস্যকে নিয়ে বিভিন্ন পত্রিকায় ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ’’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কতিপয় সাংবাদিক এমপির মানহানি করার উদ্দেশ্যে এমন সংবাদ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, এমপি আবু সাঈদ চাঁদ কাজ বন্ধ করে দিয়েছেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটিও সঠিক নয়। আমরা নিয়মিত ভাবে কাজ পরিচালনা করেছি এবং বর্তমানে কাজ চলমান রয়েছে । এ সময় স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রকাশিত সংবাদে আপনার বক্তব্য কিভাবে এসেছে ? সেখানে উল্লেখ করা হয়েছে, এমপির লোকজন শুরু থেকেই ঝামেলা করছেন এবং এমপি শুক্রবার রাতে ট্রেন যোগে ঢাকা যাওয়ার পথে চলমান ৩ কোটি টাকার কাজে ভাগ চেয়েছেন। আর এ দাবি না মানলে কাজ বন্ধ রাখতে বলেছেন-বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান ডাবলু বলেন, প্রকাশিত সংবাদে আমার নাম ব্যবহার করে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সে গুলোও সঠিক নয়। এছাড়া অনেকেই শিরোনাম দেখে ভুল বুঝছেন। বাস্তবে এমপি টাকা চেয়েছেন-এমন কথা প্রতিবেদনে কোথাও লেখা হয়নি। সেখানে কাজে ভাগ চাওয়ার কথা বলা হয়েছে, যা নিজ দলের কর্মীদের স্বার্থে ।তবে এ লেখনিও সঠিক নয় বলে তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন।

এ বিষয়ে প্রকল্পের ঠিকাদার আশরাফ উদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে সংবাদ সম্মেলনের আশ-পাশে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসু, আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন ,পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পলাশ, জেলা যুবদলের সদস্য রাজা হোসেন, এবং রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীনসহ আরও অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, “সংবাদ সম্মেলনের বিষয়ে আমরা ডাবলুকে সহযোগিতা করেছি। কারণ একজন এমপির মানহানি করা মানে দলের সুনাম ক্ষুণ্ন করা। যেটা সত্য নয়, সেটা কেন লেখা হবে? এ কারণেই স্থানীয় সাংবাদিকদের ডেকে ঠিকাদারের প্রতিনিধির মাধ্যমে-আমরো প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি।

অপর দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল বলেন, আড়ানী রেলওয়ে স্টেশনের ৩ কোটি টাকার প্রকল্পে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল্লাহ আল হাসান ডাবলু। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকল্পের কাজ চলমান থাকার বিষয়টি তুলে ধরেন এবং প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্যের প্রতিবাদ জানান। তবে এ ঘটনায় স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্টদের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত করা হউক।

সানশাইন /শামি

 


প্রকাশিত: May 10, 2026 | সময়: 9:18 pm | Daily Sunshine