, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজী বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আবু সাদাত মোঃ সায়েম (রাজু) এর বিরুদ্ধে অফিস ফাঁকির অভিযোগ উঠেছে।
রামেক এর মাইক্রোবায়োলজী বিভাগের টেকনোলজিস্ট পদে চাকরি করার পরও তিনি নগরীর লক্ষ্মীপুরস্থ রাজশাহী জেনারেল হাসপাতালের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, টেকনোলজিস্ট আবু সাদাত মোঃ সায়েম (রাজু) মেডিকেলের অফিস না করে রাজশাহী জেনারেল হাসপাতালে গিয়ে সময় কাটান। এতে তার বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা জানান, মেডিকেলের অফিস টাইম দুপুর ২টা পর্যন্ত হলেও টেকনোলজিস্ট আবু সাদাত মোঃ সায়েম (রাজু) দুপুর ১২টার আগেই অফিস ছেড়ে চলে যান। এসব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগে গিয়ে টেকনোলজিস্ট আবু সাদাত মোঃ সায়েম রাজুকে তার দপ্তরে পাওয়া যায়নি।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অফিস ফাঁকির অভিযোগ অস্বীকার করে বলেন, মঙ্গলবার অসুস্থতার কারণে অফিসে যেতে পারেননি। ছুটির আবেদন করেছেন। রাজশাহী জেনারেল হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব পালন বিষয়ে তিনি বলেন, এই হাসপাতালটির মালিকানায় তার স্ত্রী আছেন। সেই সুবাদে এখানে দায়িত্ব পালন করছেন।