সর্বশেষ সংবাদ :

জয়গুননেছাকে বাঁচাতে সাহায্যের আবেদন

বড়াইগ্রাম প্রতিনিধি: ‘পৃথিবীতে মা ছাড়া আমাদের আর কেউ নাই। আপনারা ২০-৫০ টাকা করে দিলেও আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, আমার মাকে আপনারা বাঁচান প্লিজ।’ অসুস্থ মা জয়গুননেছা বেগমের (৪৫) পাশে বসে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন তরুণী শান্তনা খাতুন। জয়গুননেছা নাটোরের বড়াইগ্রাম পৌরসভার গোপালপুর মহল্লার আব্দুল কুদ্দুসের স্ত্রী।
জানা যায়, কিছুদিন আগে জয়গুননেছার হার্টে ব্লক ধরা পড়ে তার। চিকিৎসকেরা বলছেন, হার্টে তিনটি রিং পরাতে হবে। এজন্য খরচ পড়বে কমপক্ষে দুই লাখ টাকা। এদিকে, অসুস্থ হওয়ার পর থেকে একমাত্র সম্বল গরুটি বিক্রির পাশাপাশি এনজিও থেকে ঋণ নেয়া ও এলাকাবাসীর সহায়তায় ইতিমধ্যে দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু হতদরিদ্র স্বামী পরিত্যক্তা জয়গুননেছার পক্ষে চিকিৎসার জন্য প্রয়োজনীয় আরো দুই লাখ টাকা সংগ্রহ করা কোনভাবেই সম্ভব হচ্ছে না।
প্রতিবেশীরা জানান, জয়গুননেছার স্বামী আরেক নারীকে বিয়ে করে অন্যত্র সংসার গড়েছেন। জয়গুননেছা গ্রামে গ্রামে ফেরি করে চুড়ি-মালা বিক্রি করে দুই মেয়েকে বড় করে বিয়ে দিয়েছেন। কোন ছেলে নেই তার। নেই নিজের এক খন্ড জমিও। বর্তমানে বড় মেয়ে ও ভ্যানচালক মেয়ে জামাইয়ের কেনা তিন শতাংশ জমিতে ছোট্ট ঘর তুলে কোন রকমে তার দিন কাটছিল। কিন্তু আকস্মিক অসুস্থতায় জীবন যেন থেমে গেছে তার। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে বর্তমানে বিছানায় শুয়ে শুয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণছেন তিনি।
নিদারুণ অর্থাভাবে খেয়েপড়ে বেঁচে থাকাই যেখানে দুষ্কর, সেখানে লাখ লাখ টাকা ব্যয়ে চিকিৎসা করানোটা তাদের কাছে স্বপ্নের মতই মনে হচ্ছে। তাই স্বজনরা জয়গুননেছাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭৫৪৮৩৯১৩৩।


প্রকাশিত: September 5, 2026 | সময়: 4:49 am | সুমন শেখ