, , ।
নুরুজ্জামান, বাঘা: রাজশাহী জেলার বাঘা উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রগুলির মধ্যে আড়ানী রেলস্টেশন অন্যতম। এই স্টেশনটি স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তবে একটি মাত্র প্লাটফর্ম হওয়ায় রেল ক্রসিং এর সময় যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। তাঁদের দাবি, এখনে খুব দ্রুত আরো একটি প্লটফর্ম স্থাপন করা হউক।
স্থানীয় লোকজন জানান, আড়ানী রেলস্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ২১টি ট্রেন চলাচল করে। এর মধ্যে রাজশাহী-ঢাকা, খুলনা, জয়পুরহাট, পার্বতীপুর, রাজবাড়ি ও চাপাই নবাবগঞ্জগামী ট্রেন উল্লেখযোগ্য।
ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি এই স্টেশনে নিয়মিত (যাওয়া-আসায়) দুইবার যাত্রাবিরতি করে। যা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা। তবে স্টেশনের একটি বড় সীমাবদ্ধতা হলো—প্রায়ই এখানে পাঁচ থেকে সাত বার রেল ক্রসিং দেওয়া হয়। স্টেশনের সামনে দুটি রেললাইন থাকলেও মাত্র একপাশে প্লাটফর্ম রয়েছে। অপর পাশে কোনো প্লাটফর্ম নেই। ফলে যাত্রীদের অনেক সময় ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হয়, যা অত্যন্ত অনিরাপদ ও বিপদ জনক।
আড়ানী একজন কলেজ শিক্ষক জানান, বর্তমানে ট্রেনে যাত্রী বাড়ার কারণে একাধিক রেললাইন থাকা সত্ত্বেও একটি প্লাটফর্মের অভাবে যাত্রীদের প্রায়স: দুর্ভোগ পোহাতে হয়। ঘন ঘন রেল ক্রসিংয়ের কারণে এই স্টেশন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সাথে লাইনের উপর দিয়ে ওভার ব্রিজ না থাকায় যাত্রী পারা-পারে বাধ্য হওয়া এবং নারী, শিশু সহ প্রবীণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে এসব সমস্যা নমাধানে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে আড়ানী রেলস্টেশনে দ্বিতীয় একটি প্লাটফর্ম নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এই দাবি পূরণ করা হলে যাত্রীদের যাতায়াত আরও বাড়বে এবং ট্রেনে উঠা সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলেও তারা মন্তব্য করেন।
আড়ানী স্টেশান মাস্টার মশারফ হোসেন জানান, স্টেশনের বিপরীত পাশে দ্রুত একটি নতুন প্লাটফর্ম নির্মাণ খুবই জরুরী।এ ছাড়াও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো উন্নয়ন করা দরকার। তিনি রেল ক্রসিং ব্যবস্থাপনা আরও দক্ষ ও সময়োপযোগী করা প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে আড়ানীর সুশীল সমাজের লোকজন জানান, উক্ত রেলস্টেশন বাঘা উপজেলার মানুষের জীবনযাত্রার সঙ্গে নিবিড় ভাবে সম্পৃক্ত ও একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত একটি প্লাটফর্ম নির্মাণ শুধু সময়ের দাবি নয়, বরং জননিরাপত্তা এবং উন্নত সেবার জন্য অপরিহার্য। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।