সর্বশেষ সংবাদ :

যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করতে হবে -অধ্যাপক মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

গোদাগাড়ীতে দাঁড়িপাল্লা মার্কার গণ-মিছিল ও পথসভায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১১ দলীয় জোট প্রাথী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে হামলা করা হচ্ছে। হামলা করে জামায়াতকে প্রতিহত করা যাবে না। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করতে হবে। আজ সোমবার বিকেলে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে গোদাগাড়ী জামায়াত আয়োজিত গণমিছিল ও সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা যুবক আছেন তাদের বলতে চাই, প্রত্যেকটি ভোটকেন্দ্রে পাহারা দেবেন। পাহারা দেবেন ভোট চুরি বা ডাকাতির জন্য নয়, যারা ভোট দিতে বাধা দেবে, ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, তারা দুই হাত নিয়ে আসবে, কিন্তু দুই হাত নিয়ে যেন ফেরত যেতে না পারে। আমরা কারও ভোটাধিকার নষ্ট করতে দেবো না।

এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এবারের নির্বাচন আদর্শিক পরিবর্তনের নির্বাচন। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন। জামায়াতে ইসলামীর লোকরা জনগণকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। ফাঁসির কষ্টে হাসিমুখে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা শুধু তাদের হাজার হাজার কর্মীকে ফেলে দিয়েই নয়, ১৮ কোটি মানুষকে অনিরাপদ রেখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য পাশের দেশে আশ্রয় নিয়েছে। আজ সেখান থেকে দেশে অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, জনগণকে রেখে পালিয়ে যায়, তারা আর যাই হোক, দেশের পক্ষের শক্তি হতে পারে না।

তিনি বলেন, কিছু ব্যক্তি জামায়াতকে সহ্য করতে পারে না বলে দুটি কথা বলে বেড়ায়। একটা হলো জামায়াত ক্ষমতায় গেলে নারীর কোনো স্বাধীনতা থাকবে না। তাদেরকে বোরকা পরতে হবে এবং চাকরি করতে দেওয়া হবে না। সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা নারীকে শালীনভাবে চলতে পরামর্শ দেই। কিন্তু আমরা নারীবিদ্বেষী নই।

সংক্ষিপ্ত পথসভায় দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, ভোট আপনাদের একটি পবিত্র আমানত। আপনাদের এই পবিত্র ভোটের মাধ্যমে যদি জামায়াত ক্ষমতায় যেতে পারে তাহলে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং একটি সুন্দর দেশ উপহার দিব। জনগণ মাদক পছন্দ করে না, চাঁদাবাজি পছন্দ করে না, সন্ত্রাস পছন্দ করে না।

দেশের জনগণ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রæয়ারি এক নতুন ইতিহাস রচনা করবেন। নতুন বাংলাদেশ নির্মাণে গণভোটে ‘হ্যা’ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: February 9, 2026 | সময়: 11:16 pm | Daily Sunshine

আরও খবর