সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের বিশ্ব শিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলের কারিতাসের আলোকিত শিশু প্রকল্প বিশ্ব শিশু দিবস উপলক্ষে “আমাদের দিন, আমাদেরও আছে অধিকার” মূলসুরকে ধারণ করে মহিষবাথান ডিআইসি ও পদ্মা ডিআইসিতে একযোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে শিশুদের অধিকার, সুরক্ষা এবং বিশ্ব শিশু দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মিসেস র‌্যান্সি রুথ হাঁসদা এবং জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, শিশুদের সঠিক বিকাশের জন্য শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, খেলার সুযোগ ও মতামত প্রকাশের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, যে সব শিশু এখনো স্কুলে ভর্তি হয়নি তাদের দ্রুত বিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে উৎসাহিত করা হয়। পাশাপাশি যারা শিশু শ্রমে যুক্ত রয়েছে তাদেরকে শিশু শ্রম থেকে ফিরে আসার পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা ছড়া, কবিতা, নাচ ও গান পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে এবং আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠান শেষে সকল শিশুর জন্য উন্নত মানের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
দিবসটি মোট ১০২ জন শিশু এবং ৬ জন অভিভাবকের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকল্পের কর্মকর্তারা জানান, বিশ্ব শিশু দিবস উদযাপনের ফলে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধুলার মাধ্যমে তাদের লুকানো প্রতিভা বিকশিত হয়েছে। একই সঙ্গে তাদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং আনন্দ উপভোগের সুযোগ আরও প্রসারিত হচ্ছে।


প্রকাশিত: November 21, 2025 | সময়: 4:40 am | সুমন শেখ

আরও খবর