, , ।
অলিউল হক ডলার,নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে সরকারি পশু খাদ্য পাচারের সময় গভীর রাতে ইউএলও ডা.কাওসার আলীসহ ৭জনকে আটক করে স্থানীয় জনতা।
এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার (দিবাগত রাত) সাড়ে ১২টার সময় নাচোল পশু হাসপাতালে পশু খাদ্য ক্রেতা গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে গাজু (৪৫) এবং গাড়ি চালক বসনিটলা গ্রামের আবুল কালামের ছেলে ফারিকুল ইসলাম (৪৬) হাসপাতালের সামনে গাড়ি রাখলে নাইট গার্ডের সন্দেহ হলে স্থানীয়দের বিষয়টি অবহিত করলে রাতে তাদের অবরুদ্ধ করে রাখে।
জনৈক আব্দুর রহিম জানান, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পাচার হচ্ছে পশুখাদ্য এমন খবর নাইট গার্ডের মাধ্যমে জানতে পেরে আমরা স্থানীয় জনতা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী, কর্মচারি নারায়ন চন্দ্র, আশিক, মাহিদুর, বাবু মিয়া, শাাজাহানকে অবরুদ্ধ করে রাখি।
নাচোল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে সরকারি সম্পদ পাচারের ব্যবহৃত গাড়িসহ দু’জনকে আটক করে। পরেদিন সকাল ৮টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এর নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বলেন, অবরুদ্ধ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাসহ কর্মচারীদের উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে কর্মকর্তাসহ কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় জনতার তোপের মুখে ইউএনও বলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী আজকে থেকে এ কার্যলয়ে দায়িত্ব পালন করতে পারবে না।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আছলাম আলী বলেন, ক্রেতা ও গাড়ি চালককে ১৫১ধারায় আদালতে প্রেরণ করা হবে এবং কর্মকর্তা ও কর্মচারিদের মুছলেকা নিয়ে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রসিকিউসন করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
অলিউল হক ডলার/শামি