সর্বশেষ সংবাদ :

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার সংস্কারের দাবিতে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ে স্মারকলিপি

জাবি প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের জরুরি সংস্কার, উন্নয়ন ও যথাযথ সংরক্ষণের দাবিতে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসে অনন্য।

একইভাবে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন ধরে তাঁদের মাজার কমপ্লেক্স অবহেলা ও অব্যবস্থাপনার শিকার হয়েছে।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় মাজারটির নাম পরিবর্তনসহ জাতীয় ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়েছিল, যা দেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। বর্তমানে এই স্থানটি লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মাজার কমপ্লেক্সের সার্বিক তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য একটি দক্ষ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো প্রয়োজন।

একই সঙ্গে অতীতের অবহেলা ও গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

ছাত্রদলের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—মাজারের পবিত্রতা রক্ষা, আধুনিক ও মর্যাদাপূর্ণ অবকাঠামো নির্মাণ, নিয়মিত সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা এবং মাজারকে জাতীয় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে রূপান্তর করা।

স্মারকলিপিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিষয়টির গুরুত্ব ও জাতীয় অনুভূতি উপলব্ধি করে দ্রুত দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু করা না হলে সাধারণ জনগণ ও ছাত্রসমাজ তা মেনে নেবে না।

আলামিন/শামি


প্রকাশিত: January 25, 2026 | সময়: 8:23 pm | Daily Sunshine

আরও খবর