দুর্গাপুরে অবৈধ টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এস্কেভেটর অকেজো ও জরিমানা

জুবায়ের তুহিন রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের উজালখলশি পূর্বপাড়া বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয় এবং এর ব্যাটারী ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করলেও অভিযানে জড়িতদের শনাক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার সঙ্গে জড়িত ভেকু চালক মো. সাইফুল ইসলাম ও আরিফুল ইসলাম—এই দুইজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়। এছাড়া ভেকু সহকারী হিসেবে কাজ করা অবশিষ্ট চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোট দুটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মোট অভিযুক্ত ব্যক্তির সংখ্যা দুইজন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে টপসয়েল কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি।

সানশাইন /শামি


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬ | সময়: ৯:৩৮ অপরাহ্ণ | Daily Sunshine