সর্বশেষ সংবাদ :

জাকসুর উদ্যোগে ‘বিজয়ের রঙে মুক্তিযুদ্ধ’ চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা আগামীকাল

আলামিন খান, জাবি প্রতিনিধি:

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ‘বিজয়ের রঙে মুক্তিযুদ্ধ চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা-২০২৫’। মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসকে কেন্দ্র করে এই প্রতিযোগিতায় অংশ নেবে কলতান ও তরীর শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে সেরা চিত্রকর্মের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হবে। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুর জন্য থাকবে শুভেচ্ছাস্বরূপ উপহার।

এ বিষয়ে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এই প্রতিযোগিতাটি মূলত শিশুদের জন্য আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে শুভেচ্ছামূলক উপহার।

তিনি আরও বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। চিত্রাঙ্কনের মাধ্যমে যেন তারা আমাদের স্বাধীনতার গল্প ও বিজয়ের চেতনা অনুভব করতে পারে সেই লক্ষ্য সামনে রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সানশাইন /শামি


প্রকাশিত: December 15, 2025 | সময়: 9:53 pm | Daily Sunshine

আরও খবর