, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৫০ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগল, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ প্রমূখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫০ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগল’সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব ছাগল দেখভাল’সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।
রানা হামিদ /শামি