রাকসু নির্বাচনের ফল ঘোষণার সময়সীমা নিয়ে যা জানা গেল

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ভোটগ্রহণ শেষ হওয়ার সর্বোচ্চ ১২-১৫ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

রাকসু নির্বাচন বিষয়ে রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, এটা অন্তত বলতে চাই আমাদের ৩/৪ দিন সময় লাগবে না। আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে। কিন্তু একটা বিষয় দেখতে হবে ২৯ হাজার ভোটার ও ৯ শতাধিক প্রার্থী রয়েছে। সর্বোচ্চ ১২-১৫ ঘন্টার মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার বের করা থেকে গননা সবকিছুই ক্যামেরার আওতায় থাকবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না আপনাদের (সাংবাদিক) মাধ্যমে পুরো দেশবাসীও বিষয়টি দেখতে পারবেন।

এর আগে একটি লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। নির্বাচনের জন্য ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জানান তিনি। এসময় নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাজমুল হুদা / শামি


প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫ | সময়: ৭:০০ অপরাহ্ণ | Daily Sunshine