, , ।
ইবি প্রতিনিধি:
ডিজিটাল সরকার ও অর্থনীতিকে উন্নত করে একটি বুদ্ধিমান বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট, ব্যাগ, নোটবুক, কলম তুলে দেওয়া হয়।
গতবছর শুরু হওয়া এই প্রশিক্ষণ প্রোগ্রামে ৬০ টি ব্যাচের পনেরোশ প্রশিক্ষণার্থীদের কম্পিউটারের ব্যাসিক ফাংশন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এনালাইসিস, পাইথন প্রোগ্রামিং সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়৷
আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও EDGE-IUICT ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রোগ্রামের সমন্বয়কারী ড. জসিম উদ্দিনের আহবানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উক্ত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাকিম পিয়াশ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমরা যারা এই প্রশিক্ষণটি গ্রহণ করেছো তোমরা খুবই সময়োপযোগী একটি কাজ করেছো। যদি তোমাদের মধ্যে ডিজিটালাইজেশনের জ্ঞান না থাকে তাহলে তুমি বিশ্বে টিকে থাকতে পারবে না। ডিজিটালাইজেশন দৈনন্দিন জীবনকে দ্রুততার সাথে গভীরভাবে প্রভাবিত করছে। তুমিও এর বাইরে না। যুগের সাথে না মিলতে পারলে আমরা স্মার্ট হতে পারবো না। তবে আমরা পিছিয়ে যাবো না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পিছিয়ে যাবে না তার প্রমাণ তোমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম। তোমরা আজকে যে সার্টিফিকেট অর্জন করেছো এটা শুরু কিন্তু এটাই শেষ নয়।
ওয়াসিফ //শামি