সর্বশেষ সংবাদ :

পাবিপ্রবিতে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ জুলাই) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারি-২ কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও পাবিপ্রবি যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মো: আশিকুর রহমান অভি। আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসাথে, সমিতির প্রাক্তন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরে অনুজদের জন্য শুভকামনা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মো: আশিকুর রহমান অভি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল শিক্ষার সীমাবদ্ধ পরিসরে নয়, বরং আত্মউন্নয়ন, নেতৃত্ব এবং বন্ধন তৈরির অসাধারণ সুযোগ। যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির এ ধরনের কার্যক্রম ছাত্রদের মধ্যে শিক্ষা,ঐতিহ্য, সমৃদ্ধি, সংহতি এবং আন্তরিকতার বার্তা দেয়। আমি নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বিদায় নেওয়া শিক্ষার্থীদের জীবনের পরবর্তী অধ্যায়ে সফলতা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান। তিনি বলেন, “এই সমিতি আমাদের একটি পরিবার। নবীনদের বরণ করে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের বন্ধনে নতুন সদস্য যুক্ত করলাম। একইসাথে, বিদায়ীদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ এই আয়োজন।”

সাধারণ সম্পাদক আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, “একটি জেলার শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, ভালোবাসা ও বন্ধুত্ব বাড়াতে আমাদের এ আয়োজন। যশোর জেলার ছাত্রসমাজ একে অপরের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।”

বক্তারা ছাত্রসমাজের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও জেলা ভিত্তিক বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

পুরো আয়োজন জুড়ে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, স্মৃতিচারণা, ও পুরস্কার বিতরণ। সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মিলিত এই আয়োজন সবার মাঝে প্রাণবন্ততা ও আন্তরিকতা ছড়িয়ে দেয়।

মিকাইল /শামি


প্রকাশিত: July 8, 2025 | সময়: 3:33 pm | Daily Sunshine

আরও খবর