সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় রাজশাহীতেও বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। এ বছর ৫ জুন ঈদ-উল-আযহার ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ দিবসটি উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। দিবসটির এবারের প্রতিপাদ্যÑ ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি উপলক্ষ্যে সকাল দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবো না। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু কখনো চিন্তা করি না এর ভবিষ্যত কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। চোখে দেখা ময়লা আবর্জনা ও প্লাস্টিক দূষণ দূর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং এর বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সুপার শপগুলোতে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুস্থ ও সবুজ পৃথিবী উপহার দিতে পারব। এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা।
অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেয়া হয়।
বুধবার দিনব্যাপী সরকারি বেসরকারি উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়েছে। এবারের পরিবেশ দিবসের মূল স্লোগান ছিল, ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। এ বিষয়ে সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নওগাঁর আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক নাজমুল হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, নওগাঁ পলিটেকনিক কলেজের এনভায়রোনমেন্টাল টেকনোলজি বিভাগীয় প্রধান শাহরিয়ার নাফিজস সহ অন্যরা। এসময় র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন পরিবশবাদি সংগঠনের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর: মহাদেবপুরে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী অফিসারের সভাকক্ষে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। এর আগে কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমে প্রণোদনা ও বৃক্ষের চারা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা প্রদান করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
নিয়ামতপুর: নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, থানার তদন্ত (ওসি) মুসলেম উদ্দীন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়ে আলোচনা শেষে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে দুপুর সাড়ে ১২টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। এসময় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপী, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, নাজিম উদ্দীন, সম্রাট হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রকাশিত: June 26, 2025 | সময়: 4:24 am | সুমন শেখ

আরও খবর