সর্বশেষ সংবাদ :

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করছে ইরান

সানশাইন ডেস্ক: জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইরানের পার্লামেন্ট।
দেশটির সরকারপন্থি সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা অনুযায়ী এখন থেকে ইরানে ঢুকতে চাইলে আইএইএকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে এবং তাদের পরিদর্শকদের দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সুস্পষ্ট অনুমোদন নিতে হবে।
একজন এমপিকে উদ্ধৃত করে নূর নিউজ বলেছে, এই নতুন নিয়মে কেবল নির্দিষ্ট শর্ত পূরণ হলেই আইএইএ পরিদর্শকদের প্রবেশ অনুমতি দেওয়া হবে। ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার এই প্রস্তাবের পক্ষে পার্লামেন্টের মোট ২২১ জন সদস্য ভোট দিয়েছেন আর বিপক্ষে কেউ ভোট দেননি, শুধু একজন ভোট দানে বিরত ছিলেন।
প্রস্তাবটি পার্লামেন্টে পাস হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। পার্লামেন্টের এ সুপারিশ অনুমোদিত হলে এই নিরাপত্তা কাউন্সিলই সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেবে। ইরানের পার্লামেন্ট যথেচ্ছ ড্রোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি আইনি প্রস্তাবও পর্যালোচনা করা শুরু করেছে বলে আল জাজিরা জানিয়েছে।
সবাইকে বিস্মিত করে ১৩ জুন ভোরে তেহরানসহ ইরানের কয়েকটি শহরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তারা দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করে। এ হামলায় প্রচুর ড্রোন ব্যবহার করে ইসরায়েলি বাহিনী, যেগুলো তাদের গোয়েন্দারা গোপনে আগেই ইরানে নিয়ে গিয়েছিল বলে খবর গণমাধ্যমের।


প্রকাশিত: June 26, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ