বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় রুয়েট ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে দুই লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
মো. মাহফুজুর রহমান রিটন নগরবাসীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ারও আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. রবিউল ইসলাম, রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।