এখন বলার সময় নয়’-অধিনায়কত্ব নিয়ে গুঞ্জনের জবাবে শান্ত

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্ট সামনে, গলে দুই ইনিংসেই সেঞ্চুরির পরও আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্ত কেবল ব্যাট হাতে পারফরম্যান্সের জন্য নন। বরং সবচেয়ে বেশি আলোচনায় তার ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে।
শোনা যাচ্ছে, টেস্ট অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবছেন শান্ত। এরপর থেকেই জল্পনা তুঙ্গে। তবে এসব আলোচনা নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে রাজি নন বাঁহাতি ব্যাটার। আবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতেও চান না। শান্ত বলেছেন, “এই আলোচনা তো সিরিজ শুরুর আগ থেকেই চলছে। চলতেই থাকুক। আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। কারণ দুই দিন পরেই একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। আমি চাই সেই ম্যাচে একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে অবদান রাখতে। আলোচনা, আলোচনা হিসেবেই থাকুক। ”
ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের দায়িত্ব নেওয়ার পর থেকেই শান্তর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। তিনি স্পষ্ট করেছেন, “আমি কোনো ‘আদর্শ সময়ের’ অপেক্ষায় নেই। দলের ভালো হবে এমন কিছু করতে পারলে করব। গলে টানা দুই ইনিংসে সেঞ্চুরির পর হয়তো কিছু বলতেও পারতাম, কিন্তু এই মুহূর্তে কোনো আলাপ না করাই ভালো। সবাইকে অনুরোধ করব—এ নিয়ে বেশি মাতামাতি নয়। সামনে একটা গুরুত্বপূর্ণ টেস্ট আছে, সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। ”
তবে শান্ত এটাও বলেন, হঠাৎ করে নেতৃত্ব হারানো কঠিন। তার ভাষায়,“এভাবে হুট করে কাউকে অধিনায়কত্ব থেকে সরানোটা ঠিক নয়। অন্তত সাত-আট দিন আগে আলোচনা হওয়া উচিত, যাতে দল তৈরি থাকতে পারে। যদিও আমরা সবাই পেশাদার ক্রিকেটার, তবুও যেভাবে অবদান রাখা যায়, সেটা নিয়েই ভাবছি। ”
এরই মধ্যে আরেক দুশ্চিন্তার খবর নিয়ে এসেছে অনুশীলন সেশন। সোমবার কলম্বোতে স্লিপ ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান শান্ত। ব্যথা পাওয়ার পর অনুশীলন আর চালিয়ে যাননি তিনি। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বার, গল টেস্টেও ব্যথা নিয়েই ব্যাট করেছিলেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৭ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।


প্রকাশিত: জুন ২৪, ২০২৫ | সময়: ৪:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর