গোমস্তাপুরে নারীদের লাঠিচার্জের নির্দেশ দেওয়ায় ওসি প্রত্যাহার

গোমস্তাপুর প্রতিনিধি: বিরোধপুর্ণ জমিতে ধানকাটা দেখতে গিয়ে জমায়েত করা নিরীহ নারীদের বিনা উস্কানিতে লাঠিচার্জ করার অভিযোগে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করা হয় বলে জানা গেছে।
জানা গেছে, গত ১ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামে একটি বিরোধপুর্ণ জমিতে ধান কাটা যন্ত্রের সাহায্যে কাটা দেখতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়ে ১১ নারী আহত হয়।
গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দীনের নির্দেশে এই লাঠিচার্জে নেতৃত্ব দেন, একই থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আজিম। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নির্মম লাঠিচার্জের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয় এসআই আজিমকে।
এরই ধারাবাহিকতায় ওসি রইসউদ্দিনকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৭ ফেব্রুয়ারি তিনি গোমস্তাপুর থানায় যোগদান করেন।


প্রকাশিত: জুন ১৯, ২০২৫ | সময়: ৪:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ