বাঘার কহিনুর ঢাকায় গরু বিক্রি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে ঢাকায় গরু বিক্রি করতে যাওয়ার সময় কহিনুর শেখ (৫৫) নামে এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) রাত এক টার দিকে টাংগাইলের এলেংগা এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক সামনের গরু বোঝায় ট্রাককে ধাক্কা দিলে ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যান।এ সময় কহিনুর শেখ গুরুত্বর আহত হন। তাৎক্ষনিক লোকজন তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে রাস্তায় তিনি মারা যান।কহিনুর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নিচপলাশি চরের মৃত তারা শেখের ছেলে বলে জানা গেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে , উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নিচপলাশি চরের কহিনুর শেখ তার ছেলে আরিফুল ইসলাম ও একই এলাকার মোতালেব আলী, রিপন আলী, সাইফুল ইসলামকে সাথে নিয়ে নিজ এলাকার ২০ গরু একটি ট্রাক ভাড়া করে রাতে ঢাকায় রওনা হয়। এরপর তারা টাংগাইলের এ্যালেংগা এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাদের ট্রাককে ধাক্কায় দেয়। এতে গরু বোঝায় ট্রাকটি ছিঁটকে রাস্তার পাশে একটি খালে পড়ে যয়।এ সময় অন্যরা প্রানে রক্ষা পেলেও কহিনুর গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে আরিফুল ইসলামের চোখের সামনে রাস্তায় তার পিতা মৃত্যু বরণ করেন।

স্থানীয় লোকজন জানান, রবিবার নিজ বাড়িতে লাশ আনার পর বিকেল তিন টায় জানাজা শেষে দাদপুর কবরস্থানে কহিনুরকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নিচপলাশি গ্রামের মেম্বর তঞ্জু মোল্লা বলেন, কহিনুর শেখের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি পেশাদার গরু ব্যবসায়ী না। ঈদ মৌসুমে নিজের বাড়িতে পোষা ও এলাকার কয়েকজনের সাথে একটি ট্রাক ভাড়া করে ঢাকায় গরু নিয়ে যাওয়ার সময়ে একটি দূর্ঘটনায় তিনি মারা গেছেন। আমরা তার দাফন সম্পন্ন করেছি।

সানশাইন /নুরুজ্জামান /শামি


প্রকাশিত: জুন ১, ২০২৫ | সময়: ৬:১০ অপরাহ্ণ | Daily Sunshine