, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভেকু ভাড়া না দেয়ায় নির্যাতনে আব্দুল আজিজ (৪৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল আজিজ উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিরাজ প্রামাণিকের ছেলে।
আব্দুল আজিজের ছেলে মিঠু আলী বলেন, ১লা সেপ্টেম্বর সকালে চকপাড়া গ্রামের মাটি ব্যবসায়ী বাবু তিনটি মোটরসাইকেলে করে আমাদের বাড়ির পাশের দোকানের সামনে থেকে আমার বাবাকে তুলে নিয়ে যায়। পরে রাত ৯ টার দিকে কল দিয়ে ২০ হাজার টাকা নিয়ে গুরুদাসপুর সেনাবাহিনীর ক্যাম্পে যেতে বলে।
কিন্তু স্বজনরা গিয়ে আমার বাবাকে সেনা ক্যাম্পের ৩য় তলায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কে বা কারা তাকে নাটোর-পাবনা মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।
মাটি ব্যবসায়ী বাবু বলেন, আব্দুল আজিজ পাবনার ঈশ্বরদী এলাকার ইকবাল হোসেনের এক্সকেভেটর (ভেকু) ভাড়া নিয়েছিল। কিন্তু সে ভাড়ার টাকা পরিশোধ করেনি। এ বিষয়ে ইকবালের ভাই সিলেট সেনা ক্যাম্পের কমিশন্ড কর্মকর্তা সোহেল রানা গুরুদাসপুর সেনা ক্যাম্পে অভিযোগ করেন। পরে তারা আজিজকে নিয়ে যায়। এর পরে আর কি হয়েছে আমার জানা নাই।
সিলেট সেনা ক্যাম্পের কমিশন্ড কর্মরতা সোহেল রানা বলেন, আমার ভাইয়ের ভেকু ভাড়ার টাকার জন্য আমি অভিযোগ করেছিলাম। আর কিছু জানা নাই।
গুরুদাসপুর উপজেলার সেনা ক্যাপ্টেন আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল আযম খান বলেন, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।