বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে পালিত হয়েছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
আলোচনা সভার আগে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। একজন ধূমপায়ী যেমন নিজে ক্ষতির শিকার হন, তেমনি তার আশপাশের মানুষরাও ক্ষতিগ্রস্ত হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে তার বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।
তারা আরও বলেন, আইনে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ থাকলেও বাস্তবায়নের ঘাটতির কারণে তরুণ প্রজন্ম এখনো তামাক কোম্পানির নানা কৌশলের ফাঁদে পড়ছে।
বক্তব্যে আরও উঠে আসে, ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগ সম্পর্কে সচেতনতা বাড়লেও অনেকেই এখনো তামাকের ব্যবহার থেকে সরে আসছেন না। কেবল আইন দিয়ে নয়, তামাকবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে অভ্যাস পরিবর্তন সম্ভব। খেলাধুলা ও শারীরিক চর্চা তামাক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমনটিও উল্লেখ করেন বক্তারা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু সুফিয়ান এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
সারাদেশের ন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের প্রতিপাদ্য বিষয় তুলে ধরা হয়েছে। এবার বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’। এ বিষয়ে সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে সৈকত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, বিএমএ নওগাঁর সভাপতি ইসকেন্দার হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান সহ অন্যরা। বক্তারা ধূমপানের ক্ষতিকর প্রভাব উল্লেখ করে বলেন, জীবনে হতাশা ও চ্যালেঞ্জ থাকতেই পারে। তামাক সেবনকে হতাশা নিরাময়ের উপায় হিসেবে গ্রহণ করা যাবে না। তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধূমপানের জন্য পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের কথাও বলেন বক্তারা। সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে জয়পুরহাটে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে-শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি। বক্তারা প্রকাশ্যে ধুমপান করলে শাস্তির ব্যবস্থা এবং রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তামাক চাষাবাদ করে উৎপাদন বন্ধের জন্য জোর দাবী জানান। এছাড়া তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে আলোকপাত করেন। শেষে বিশ্ব তামাকমুক্ত দিবসের একটি বণার্ঢ্য র্যালি প্রদর্শন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজনে ও মাদক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। পরে সংক্ষিপ্ত আকারে র্যালি অনুষ্ঠিত হয়। শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে তামাকের কুফল নিয়ে একটি প্রেজেন্টেশন করেন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম সিভিল সার্জন অফিসের সেক্রেটারি ইন্সপেক্টর কুবাদ আলী, জেলা স্কাউটস-এর পক্ষে রাকিব উদ্দিন, জেলা তামাক প্রতিরোধ কমিটির আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহিম।