, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা, টিকিট বিক্রি ও কুলিদের ভাড়া নির্ধারণে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত স্টেশনে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি চার সদস্যের দল।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আমির হোসাইন। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী মঙ্গলবার এক আদেশে টিম গঠন করেন এবং পরদিনেই মাঠপর্যায়ে অভিযানে নামেন কর্মকর্তারা।
স্টেশন ব্যবস্থাপকের কক্ষে তাঁরা টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি এবং কুলিদের ভাড়া আদায়ে অনিয়ম নিয়ে আলোচনা করেন ও সংশ্লিষ্টদের সতর্ক করেন। বিশেষ করে আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় যাতে কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে জোর নির্দেশনা দেন দুদক কর্মকর্তারা। তারা জানান, অনিয়মের প্রমাণ মিললে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে স্টেশন ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, “দুদকের কর্মকর্তারা আমাদের অনিয়ম প্রতিরোধে সতর্ক করেছেন এবং বলেছেন যেন ঈদের সময় কোনো দুর্নীতি না ঘটে। আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি। ঈদের আগাম টিকিট অনলাইনে ছাড়া অন্য কোনোভাবে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যেহেতু শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, তাই কালোবাজারির সুযোগ নেই। গত ঈদেও আমরা সফলভাবে সেবা দিয়েছি, এবারও সেই সুনাম ধরে রাখার জন্য প্রস্তুত আছি।”