সর্বশেষ সংবাদ :

স্টোকসের লড়াই ম্লান করে দারুণ জয়ে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: স্টিভেন স্মিথের ব্যাট থেকে বল সীমানা পেরোতেই অস্ট্রেলিয়া শিবিরে শুরু হয় উদযাপন। গাস অ্যাটকিনসনের বাউন্সার টেনে তুলে ছক্কা হাঁকিয়েই ম্যাচ জয়ের কাজ সারেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ব্রিসবেনে গোলাপি বলেরন দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
ইংল্যান্ডের দেওয়া মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সহজ এই রানের পেছনে মূল কাজটা করে দেয় তাদের প্রথম ইনিংসের বিশাল লিড। ইংল্যান্ড প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে তোলে ৩৩৪। কিন্তু জবাবে ৫ ব্যাটারের ফিফটিতে ভর করে ৫১১ রান তোলে অস্ট্রেলিয়া। তখন লিড দাঁড়ায় ১৭৭ রানের। ব্যাটিংয়ে পিছিয়ে পড়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করতে পারে ২৪১। ফলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫।
চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৪ রান। তখনো তারা পিছিয়ে ৪৩ রানে। সেভাবেই দিনের শুরুতে স্টোকস-জ্যাকস জুটি লড়াই জমিয়ে রাখে। প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় সেশনে খেলা বদলে যায়। মাইকেল নেসারের দুর্দান্ত লেংথে স্লিপে ক্যাচ তুলে দেন উইল জ্যাকস (৯২ বলে ৪১)। একই ওভারে ওভারেই কট বিহাইন্ড হন বেন স্টোকস (১৫২ বলে ৫০)। এরপর আর বেশিক্ষণ টেকেনি ইংল্যান্ডের ইনিংস। এই ইনিংসে ৪২ রানে ৫ উইকেট নিয়ে নেসার তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ট্রাভিস হেড ও জেইক ওয়েদারাল্ড। হেড করেন ২২ বলে ২২, ওয়েদারাল্ডের ব্যাটে ১৭। লাবুশেন আউট হন মাত্র ৩ রানে। এরপর মাঠে নামেন অধিনায়ক স্মিথ। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ২ চার ও ২ ছক্কায় মাত্র ৯ বলে ২৩ রান করে ম্যাচ শেষ করে দেন তিনি। তিন ম্যাচের সিরিজে এখন ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, অ্যাডিলেইডে।


প্রকাশিত: December 8, 2025 | সময়: 6:49 am | সুমন শেখ