বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘নজরুল ও হাফিজের কবিতায় মানবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়ছে। আজ বৃহস্পতিবার (১৫ মে)
বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি সম্মানিত অতিথি ও রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভসি বলেন, ইরানি সাহিত্যের ভিতরে সবচেয়ে বেশি মানুষের জীবনের জয়গানের কথা আলোচনা করা হয়েছে। বিশেষ করে মানুষ ও মানুষের চিন্তাধারায় নজরুল ও হাফিজের প্রভাবটা লক্ষ করা যায়। নজরুল ও হাফিজের লেখায় মানুষের মর্যাদা সর্বোচ্চ করা হয়েছে। মূলত তাদের কথাগুলো কেন্দ্রীভূত হয়েছে মানুষের জীবনকে ঘিরেই।
তিনি আরো বলেন, কবিতা মানুষকে সত্যের পথে ধাবিত করে,, ন্যায়ের পথে ধাবিত করে। হাফিজের মতো একইভাবে বাংলাদেশের জাতীয় কবি নজরুল মানুষের মুল্যবোধ, মর্যাদা ও তাদের চিন্তাধারার প্রতিফলন ঘটিয়েছেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, যারা সত্যিকার অর্থে যুগান্তকারী সাহিত্যিক কাজ করেন, ইতিহাসে তারা নানা উপাধিতে ভূষিত হন। নজরুল ও হাফিজ তেমনই দুই মহান সাহিত্যিক। হাফিজের গজল ও কবিতা ফারসি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। একইভাবে নজরুল ইসলামের লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাদের কাব্যিক সৃষ্টিশীলতা, চিন্তাশক্তি ও মানবতাবোধ আজও বিশ্বব্যাপী সমাদৃত।
তিনি আরও বলেন, নজরুল ছিলেন হাফিজ দ্বারা প্রভাবিত; বিশেষ করে মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণে। এ দুই কবিই ছিলেন অসাধারণ মেধাবী ও সৃষ্টিশীল। যারা তাদের সাহিত্যে মানুষ ও মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর মো. শফিউল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. বেলাল হোসেন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি মো. লতিফুল ইসলাম শিবলী।
সেমিনারে উপস্থাপিত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মো. কামাল উদ্দিনের মূল প্রবন্ধের উপর একই বিভাগের প্রফেসর মো. নূরুল হুদা ও ভিজিটিং প্রফেসর এসমায়েল সাদেঘি আলোচনা করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মো. আতাইল্যাহ।
সানশাইন/নাজমুল /শামি