সর্বশেষ সংবাদ :

ফুলের রাজ্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক

স্টাফ রিপোর্টার: রাজশাহী-নওগাঁ মহাসড়কের অংশজুড়ে যেন এক রঙিন ফুলের রাজ্য। পিচঢালা মহাসড়কের বুকে বর্ণিলভাবে সেজে আছে জারুল ফুল। মাঝে মাঝে সোনালু ফুলের সমাহার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে শতভাগ। দেখে মনে হয় যাতায়াতকারীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে ফুলগুলো। কাছে যেতেই যে কারও ইচ্ছা জাগছে একমুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়াতে।
এমন চিত্র মহাসড়কের পবা, মোহনপুর, মান্দাসহ নওগাঁ সদর উপজেলার পুরো এলাকাজুড়ে। শুধু লাল জারুল নয়। ব্যস্ততম এই মহাসড়কে একই সঙ্গে রূপের পসরা সাজিয়ে ফুটেছে সোনালী রঙের মায়াভরা সোনাইল ফুলও। পবার নওহাটা বাজার থেকে শুরু করে নওগাঁ এলাকা পর্যন্ত হাজার হাজার গাছে ফুটেছে মনোমুগ্ধকর বেগুনি আর নীলাভ রঙের জারুল ফুল। জারুলের বেগুনি মায়া আর লাল সোনাইলের গোলাপি আভায় মোহিত মহাসড়কে চলাচলকারী হাজারো পথচারী।
ঋতুচক্রে প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। বাংলা বছর শুরুর এই মৌসুমে প্রকৃতিতে রংবেরঙের বাহারি ফুলের মনমাতানো সৌরভ, রাঙিয়ে তুলেছে নান্দনিক রূপে। তেমনই মহাসড়কের বিভাজকে জারুল-লাল সোনাইলের ফাঁকে ফাঁকে ফুটে আছে নানা প্রজাতির ফুলও। কোথাও সোনালু আবার কোথাও কৃষ্ণচূড়া, জারুল যার চোখজুড়ানো সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন চলাচলকারীরা।
রোববার ঘুরে দেখা যায়, মহাসড়কের পবা উপজেলার নওহাটা বাজার থেকে মান্দা ব্রিজ পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় শুধুই জারুল আর লাল সোনাইল ফুল শোভা ছড়িয়ে আছে। অনেককে জিজ্ঞাসা করে জানা যায়, নওগাঁ শহর পর্যন্ত সারি সারি ফুলের মেলা। পিচঢালা এই মহাসড়কের পথ যেতে যেতে সারি সারি গাছে বর্ণিল ফুলের দৃষ্টিনন্দন রূপ দারুণভাবে মোহিত করছে মানুষকে। মৌগাছী এলাকায় জারুল ফুলের সঙ্গে ছবি তুলছিলেন ওবাইদুর রহমান নামের এক শিক্ষক। তিনি বলেন, ‘গাড়ি চলাচলের সময় বাতাসে ফুলগুলো দুলতে থাকে। এ দৃশ্য কতটা সুন্দর, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মৌগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রতি কর্মদিবসে বিদ্যালয়ে যাতায়াতের সময়ে ফুল দেখি। এখানে এলেই মন ভালো হয়ে যায়।’
মোটরসাইকেল থামিয়ে বেগুনী জারুল ফুলের অপরূপ সৌন্দর্য দেখে থেমেছিলেন জোবায়ের নামের এক চাকরীজীবী। তিনি বলেন, ‘ আমার খেলাপড়া ও শৈশব-কৈশর এই এলাকায়। তবে এখন চাকরির সুবাদে রাজশাহীর বাইরে থাকতে হয়। আমার নিজের শহর রাজশাহী এলেই মন ভরে যায়। শহরের নানা প্রজাতির হরেক ফুলের সমাহারে আমি গর্ববোধ করি। এবারে বাড়িতে এসে চোখে পড়ছে সারি সারি গাছে বেগুনী আভার জারুল ফুল আমাকে কাছে টানছে। একটু বাতাস এলেই ফুলের পাপড়িগুলো পিচঢালা মহাসড়কে ঝরে পড়ে। তখন মনে হয় চলাচলকারীদের স্বাগত জানাতে ফুলের গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এলাকাজুড়ে এই ফুল দেখে আমি মুগ্ধ।’
সরেজমিনে ওই এলাকাটি ছাড়াও মহাসড়কের প্রায় সকল স্থানে জারুল ও লাল সোনাইল ফুলের মেলা দেখা গেছে। বিভিন্ন অংশে জারুল, লাল সোনাইল, সোনালু, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফুল ফুটেছে। এসব ফুলের মনমাতানো সৌন্দর্য আর সৌরভে আকৃষ্ট হচ্ছেন চলাচলকারীরা, এ জন্য যানবাহন থামিয়ে ফুলের ছবি তুলতে দেখা যায় অনেককে।
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রাজশাহীর এক প্রকৌশলী বলেন, মহাসড়কের সৌন্দর্যবর্ধন এবং রাতের বেলায় বিপরীত দিকের গাড়ির হেডলাইটের আলো যেন চালকের চোখে না পড়ে এ জন্য বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি এসব ফুলের গাছ রোপণ করা হয়েছে। বর্তমানে এসব ফুলের সৌন্দর্যে চলাচলের সময় মানুষ মুগ্ধ হচ্ছেন। সওজের নিযুক্ত শ্রমিকেরা নিয়মিত বিভাজকের গাছগুলোর পরিচর্যা করে যাচ্ছেন।


প্রকাশিত: May 13, 2025 | সময়: 4:20 am | সুমন শেখ

আরও খবর