সর্বশেষ সংবাদ :

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি পরিবার একবছর ধরে একঘরে

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর তালঠি গ্রামে কু-প্রস্তাবে রাজি না হওয়া এবং জমি-জমা সংক্রান্ত বিরোধের জের দরে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে দীর্ঘ এক বছর ধরে সমাজচ্যুত ও একঘরে করে রাখা হয়েছে।
ভুক্তভোগী রবি কিস্কুর স্ত্রী জুলিতা মুরমু অভিযোগ করে বলেন, তার স্বামী এলাকার বাইরে কাজে গেলে গ্রামের কয়েকজন তাকে কু-প্রস্তাব দেয়। আমি তাদের কথায় রাজি না হওয়ায় তারা প্রতিশোধ হিসেবে আমার পরিবারকে সমাজচ্যুত করে। জুলিতা আরও বলেন, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাকে প্রলোভন দেখিয়ে ক্লাব ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। এ ঘটনায় রবি কিস্কুর স্ত্রী জুলিতা মুরমু বাদি হয়ে গ্রামের মোড়ল জসেপ সরেন, চিমন্ত কিস্কু ও সুখেন হাসদাকে অভিযুক্ত করে তানোর থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগী রবি কিস্কু জানান, গত বছরের জুলাই মাসে জমি নিয়ে বিরোধের জেরে কিছু ব্যক্তি তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে গ্রামের মোড়ল জসেপ সরেনের নেতৃত্বে উদ্যোগ নেন।
গ্রামের দোকান থেকে কেনাকাটা করা, স্থানীয়দের সঙ্গে কথা বলা, এমনকি তার সন্তানদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে। আমার ছেলে মেয়েকে গ্রামের মাঠে খেলতেও দেয়া হয়না। গ্রামের কেউ তাদের সঙ্গে কথা বললে তাদেরও ১০ হাজার টাকা জরিমানা করা হবে। কেউ আমাদের সঙ্গে কথা বলে না।
ভুক্তভোগী পরিবারটি জানায়, তারা চরম মানবেতর জীবন যাপন করছেন, কেউ সাহায্যের হাত বাড়ালে সেটিও বন্ধ করে দেওয়া হয়। এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে দেওয়া হয় না।
এ বিষয়ে মোড়ল জসেপ সরেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রামের সমাজে পোল্টি মুরগী দিয়ে খাওয়া দিলে তাদের সমাজে তোলা হবে। স্থানীয় ইউপি সদস্য গাফফার বলেন, আমি বিস্তারিত জানি না, শুধু শুনেছি।
পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, জমি-জমা নিয়ে বিরোধের কথা শুনেছি, অন্য কিছু জানি না।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘একঘরে করার কোনো আইনগত ভিত্তি নেই। থানায় আমি যোগদানের পর আমার কাছে কেউ বিষয়টি নিয়ে অভিযোগ করেনি। তবে বিষয়টি আমি খতিয়ে দেখবো।
তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, আমিও নতুন তানোরে এসেছি। বিষয়টি জেনেছি, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।


প্রকাশিত: May 11, 2025 | সময়: 5:38 am | সুমন শেখ