সর্বশেষ সংবাদ :

তিন জনকে কুপিয়ে জখম লালপুরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার চকবাদেকুল পাড়া গ্রামে সাধন কুমার দাস নামের এক আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা বাড়ির ১জন মহিলাসহ ৩ জনকে কুপিয়ে জখম করে ৩ লাখ নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম আইনজীবী সাধন কুমার দাস (৩৫) ও তার ভাতিজা রিপন কুমার দাসকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধন কুমার চকবাদেকুল পাড়ার মৃত ননী গোপাল দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ২টার দিকে ৮-১০ জনের মুখোশধারী একদল ডাকাত সাধন কুমার দাসের বাড়িতে ঢুকে প্রথমে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তারা ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানীকেও (২৫) কুপিয়ে আহত করে। স্থানীয়রা সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে পাঠান।
পরিবারের দাবি, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: April 25, 2025 | সময়: 4:03 am | সুমন শেখ