সর্বশেষ সংবাদ :

পবায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মামলা-জরিমানা, তিনটি স্কেভেটর অকেজো

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ ধারায় তিন জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও তিনটি স্কেভেটর অকেজো করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান।
মামলার আসামি তিনজন হলেন- বড়গাছী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার আকবর আলীর ছেলে সেমারুল, সবসার এলাকার হেদায়েতুল্লাহর ছেলে আরঙ্গ এবং একই গ্ৰামের মৃত আয়েজুদ্দিনের ছেলে আলমগীর হোসেন। তাদের অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। বড়গাছী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা বাদী হয়ে পবা থানায় মামলা দায়ের করেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, এই উপজেলায় ফসলি কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই উপজেলায় পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়গাছী ও পারিলা ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তিন জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও তিনটি স্কেভেটর অকেজো করা হয়েছে। এছাড়াও এক জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পুকুর খননের নামে মাটি উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


প্রকাশিত: April 23, 2025 | সময়: 4:41 am | সুমন শেখ