সর্বশেষ সংবাদ :

ভবানীগঞ্জ বাজারের হেলাল টেলিকমের ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগমারা: অবশেষে ঘটনার দশদিন পর ভবানীগঞ্জ বাজারের হেলাল টেলিকমের ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে বাগমারা থানা পুলিশ। ঘটনার পর সিসি ক্যামেরায় ধারনকৃত ফুটেজ হাতে পায় পুলিশ। পরে ওই ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্ত করা হয়। পরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে গ্রেপ্তার করা হয় দুই ছিনতাইকারীকে।
বাগমারা থানার পুলিশ সুত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল রাতে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজারে হেলাল টেলিকমের দোকানের মালিক বিকাশ ও নগদ ব্যবসায় ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা একটি বাজারের ব্যাগে নিয়ে বাড়ী ফেরার পথে দুইজন মোটরসাইকেল আরোহী আসামী মোবাইল ফোন ও টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিষয়টিতে ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে আতংক ও এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছিল। পরবর্তীতে একজন আসামীকে বাদী সনাক্ত করতে পেরে একজন আসামীর নাম উল্লখ করে ও অজ্ঞাতনামা ২-১ জনকে আসামী করে থানায় রুজু করা হয়। মামলা রুজুর পর পরই আসামী জকিরুলকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে গ্রেপ্তার করা সহ ঘটনার সাথে জড়িত অপর আসামী আসাদুল তোতাকে গত ১৬ এপ্রিল ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
তাদেরকে চোরাই মালামাল উদ্ধারের উদ্দেশ্যে রিমান্ডের আবেদন করা হয়। আসামীরা রিমান্ডের ভয়ে আসামী জাকিরুল তার বাবাকে চোরাই মালামাল তাদের রান্নাঘরের খড়ির ঘরের ভেতরে লুকিয়ে রেখেছে বলে জানালে জাকিরুলের বাবা পুলিশকে সংবাদ দেয়। মামলার আইও এসআই শিহাব উদ্দীন ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া একটি ট্যাব, তিনটি স্মার্টফোন সহ ১৪ টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে থানায় আনেন। ইতোপূর্বে চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।


প্রকাশিত: April 23, 2025 | সময়: 4:38 am | সুমন শেখ