, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংঙ্কার সহ নগদ টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। অভিযানে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ কিছু নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীপুর-মাস্টারপাড়ার বাসিন্দা দুলালের ছেলে আরিফুল ইসলাম ওরফে ভটা (৩০), শিবতলা কর্মকার পাড়ার মৃত অনীল চন্দ্র নন্দির ছেলে স্বাধীন নন্দি (৫৩)।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত শুক্রবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার নয়াগোলা-গাইনপাড়ার ব্যবসায়ী মোমিনুল ইসলামের বাড়ি থেকে ৪ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালঙ্কার সহ নগদ দেড়লাখ টাকা চুরি যায়। ঘটনার পরদিন তিনি বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন।
এরপরেই পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আরিফুল ইসলাম ওরফে ভটাকে জেলার নাচোল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১১ আনা ৭ রতি ১৬ পয়েট ওজনের দুই জোড়া কানের দুল, ২ আনা ৫ রতি ৩ পয়েন্ট ওজনের একটি আংটি, এক জোড়া স্বর্ণের প্রলেপের ব্রঞ্জের বালা ও চুরি যাওয়া নগদ দেড়লাখ টাকার মধ্যে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ভটাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিছু স্বর্ণ বিক্রি করার কথা জানায়। তার কথামতো জেলা শহরের পুরাতন বাজারের স্বর্ণপট্টিতে শিল্পি জুয়ের্লাসের মালিক স্বাধীন নন্দিকে গ্রেপ্তার করা হয়। এই স্বর্ণাকারের কাছ থেকে ৬ আনা ১ রতি ৯ পয়েন্ট ওজনের গলিত সোনা উদ্ধার হয়েছে।
প্রধান অভিযুক্ত আরিফুল ইসলাম ওরফে ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। সে পেশাদার চোর হিসেবে পরিচিত বলেও জানায় আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।