সর্বশেষ সংবাদ :

আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন মাঠ, শিক্ষার্থীদের ভোগান্তি

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ভড়তেতুলিয়া গ্রামের আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেকেই সমাজে উচ্চমর্যাদার অবস্থান করছেন। কিন্তু বর্ষা মৌসুমে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই মাঠে হাঁটু সমান পানি জমে যায়, যা শিক্ষার্থীদের খেলাধুলা, শারীরিক অনুশীলন এবং স্কুলের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়, ফলে শ্রেণিকক্ষে যাতায়াত এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা বহুদিন ধরে এই সমস্যার সমাধান চাইলেও এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল উদ্দিন বলেন, “গতকাল বুধবার বৃষ্টির পর মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা শুকাতে ৩-৪ দিন সময় লাগবে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং ক্লাস বাতিল করতে হয়। বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা দূর করতে উপযুক্ত ড্রেনেজ সিস্টেম নির্মাণ এবং মাঠের উচ্চতা বাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরু করা প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ) এর সমন্বিত উদ্যোগ কামনা করছি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র মো. সোহেল রানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে মাঠের উন্নয়ন ও জলাবদ্ধতা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। তিনি উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং এই সমস্যার দ্রুত সমাধান হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশে লেখাপড়া করতে পারবে।


প্রকাশিত: April 17, 2025 | সময়: 5:10 am | সুমন শেখ

আরও খবর