, , ।
স্টাফ রিপোর্টার: দেশের উদ্যোক্তা খাতকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬টি জেলায় শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। “বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১”-এর আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনগত প্রক্রিয়া এবং পদ্ধতিগত দক্ষতায় স্বাবলম্বী করে তোলা। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের মোট এক হাজার ৫০ জন উদ্যোক্তাকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ‘ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর বাস্তবায়নে পরিচালিত এই কর্মসূচিটি ১৬টি জেলায় মোট ৪২টি ব্যাচে বিভক্ত হয়ে সম্পন্ন হচ্ছে। প্রতি ব্যাচে ২৫ জন করে উদ্যোক্তা অংশ নিচ্ছেন। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রযাত্রাকে অগ্রাধিকার দিয়ে পুরো আয়োজনে ৭৫ শতাংশ নারী এবং ২৫ শতাংশ পুরুষ উদ্যোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সফল অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হাসেন আলী, ভাইস প্রেসিডেন্ট জিয়া আহমেদ এবং প্রকৌশলী আরিফসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুরো প্রশিক্ষণ কর্মসূচিটির সার্বিক সহযোগিতায় ছিল প্রযুক্তি ও সেবা প্রতিষ্ঠান ‘মেট রয়্যাল আইটি’। উপস্থিত ছিলেন মেট রয়্যাল আইটির সিইও মোছা: মাহাবুব আরা নীলা, বিজনেস ম্যানেজমেন্ট ট্রেইনার মো: হাসিবুল ইসলাম এবং ব্যবসারে নেটওয়ার্কিং ও ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মো: তরিকুল ইসলাম।