বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: মাদ্রাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিক্ষকের নাম মাওলানা আব্দুলল মান্নান (৪৮)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের বাসিন্দা ও উপজেলার হাট মাধনগর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। রোববার সকালে নরদাশ ইউনিয়নের মাড়িয়া-মাধনগর সড়কের সুজনপালশার বিন্দুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ গ্রাম মাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে মাদ্রাসায় আসছিলেন। পথে বাইগাছার সুজনপালশা এলাকার বিন্দুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহীর নওদাপাড়ার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আব্দুল মান্নানের তিন মেয়ে এবং দুই ছেলে রয়েছে।
এদিকে শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক নিকটতম কয়েকজন সহকর্মীরা হাসপাতালে তাকে দেখার জন্য ছুটে যান। বেলা এগারোটার দিকে নিহতের লাশ বাড়ি নিয়ে আশা হলে তাকে এক নজর দেখতে শিক্ষার্থী ও এলাকার সাদারণ মানুষ দেখতে ভিড় জমায়।