বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও যুবদল নেতাকে গুলি করার অভিযোগে আওয়ামী লীগ নেতা আনিছার রহমানকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের রায়সেনপড়া গ্রামের মস্তল আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। চেক জালিয়াতি, বিদেশে লোক পাঠানো এবং জমি বিক্রির নামে প্রতারণার আত্মসাতের অভিযোগে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আনিছার এলাকায় ফিরে এসেছেন বলে থানায় খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ রায়সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। শনিবার তাকে গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাকে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট লোহার পাইপ নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে মহড়া দিয়েছেন বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান।
৫ আগস্ট চানপাড়া এলাকায় যুবদল নেতা মুনছুর রহমানের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা অভিযোগে আদালতে চারটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে তার বোন রেহেনা বেগমও একটির বাদী। থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, যুবদলের নেতাকে গুলি করা ছাড়াও প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।